ঢাকা: কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অডিও রেকর্ডে যা শোনা গেল
ফাঁস হওয়া অডিও রেকর্ডে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার উত্তেজিত কণ্ঠ শোনা যায়। তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, “আপনার কত বড় কলিজা হয়েছে, আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব। বেয়াদবিরও একটা সীমা আছে।” একই অডিওতে তিনি ডিসিকে “কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা” বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, “আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না, আইন জানি।”
ঘটনার পেছনের কারণ
স্থানীয় সূত্র অনুযায়ী, চলতি বছরের ১৮ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীনকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। পরবর্তীতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠান। এরপরই ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা ধরনের হুমকি দেন। অভিযোগ রয়েছে, পরদিন তিনি সশরীরে বোর্ডে গিয়ে চেয়ারম্যানকে ভয়ভীতিও দেখান। ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ড. মীর আবু সালেহ শামসুদ্দীন সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।
সংশ্লিষ্টদের বক্তব্য
এ বিষয়ে কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সার বলেন, “আমার সঙ্গে সাবেক এমপির কোনো কথা হয়নি। উনার সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। হয়তো উনাকে গালিগালাজ করেছেন।”
অন্যদিকে, শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোলাইন বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে তিনি (আবদুল গফুর ভূঁইয়া) উত্তেজিত হয়ে নানা কথা বলেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
অভিযোগের বিষয়ে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া এসবকে “মিথ্যা অপপ্রচার” বলে উড়িয়ে দিয়েছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি।
স্থানীয় সূত্র, সংশ্লিষ্টদের মন্তব্য ও ফাঁস হওয়া অডিও রেকর্ড
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |